ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ-এ (ইউল্যাব) ‘বাংলা ও সাহিত্য বিভাগ’ যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক অনুষ্ঠানে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণার পর সেলিনা হোসেন বলেন, ‘ইউল্যাবে আজ বাংলা ও সাহিত্য বিভাগ চালু হচ্ছে, এটা অনেক আনন্দের। কারণ অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগ নেই। বাংলা ভাষা ও সাহিত্য যে বড় জায়গাটা ধারণ করে দিগন্ত বিস্তারি চিন্তা আমাদের মধ্যে প্রসারিত করছেন, সেজন্য আমরা ইউল্যাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা জ্ঞানকে হারিয়ে ফেলেছি। কারণ এটা জ্ঞানের যুগ নয়, এটা অর্থের যুগ। এক সময় ধর্মের যুগ ছিল, একসময় বিজ্ঞানের যুগ ছিল, শিল্প-সাহিত্যের যুগ ছিলো, দর্শনের যুগ ছিল। আজকের পৃথিবী সবচেয়ে বিপদজনক জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে বিত্ত-বৈভবের যুগ। আজকে বিত্ত হচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীজুড়ে বিত্তের এই আগ্রাসন আগে কখনও হয়নি৷ আমরা সেই যুগে এসে পড়েছি। সবকিছুর মূল্যবোধ আছে, কবিতার মূল্যবোধ আছে, দর্শনের মূল্যবোধ আছে, শুধু টাকার কোনো মূল্যবোধ নেই।'
এছড়া স্বাগত বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। কলকাতার দে'জ পাবলিকেশনের পরিচালক শুভঙ্কর দে অপু ও ভারতের কলকাতার কবি ও চলচ্চিত্র পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য।
সমাপনী বক্তব্যে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, ‘আমাদের ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগ একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করবে। বাংলা বিভাগ যে জ্ঞান চর্চা করবে, সেই জ্ঞান ইংরেজিতে অনূদিত হবে। এটার মাধ্যমে জ্ঞানের যে কোনও সীমাবদ্ধতা হয় না, আমরা সেটা উদযাপন করতে চাই।’
অনুষ্ঠানে ঢাকা ও কলকাতার নবীন-প্রবীণ লেখক, কবি ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টিতে জ্ঞানচর্চার উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বশীলরা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
