গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মশাল প্রজ্বলনের মাধ্যমে ‘শেখ কামাল বাংলাদেশ যুব গেমস-২০২৩’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে মশালটি সড়কপথে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রতিভার সমন্বয়ে জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (যশোর) মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহাসচিব, উপ-মহাসচিব, মহাপরিচালক, সদস্যসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ৮ মশাল প্রজ্বলনকারীসহ অনেকে।
