দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞার ২ যু্বক নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৮

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞার দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মাংস বিক্রেতা মিলনের ছেলে রাজু আহম্মেদ (৩৪), মাতুভূঞার মোমারিজপুর গ্রামের তমিজ উদ্দিনের বাড়ির মৃত সিরাজ উল্যাহর ছেলে মোস্তফা কামাল (৪০)।

নিহতদের পরিবারের বরাতে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, শুক্রবার আনিছুল হক নামক এক বাংলাদেশিকে দেশে আসার জন্য বিমানবন্দর পৌঁছে দিতে প্রাইভেট কারে করে যাওয়ার সময় কেপটাউনের বাফেলো নামক স্থানে পৌঁছালে বড় একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে  যায়। এ ঘটনায় বাংলাদেশে আগত আনিছুল হক ও নাহিদ নামে দু’জন আহত হন।

এদিকে, আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দাগনভূঞার নেয়াজপুরের রাজু আহম্মেদ ও মাতুভূঞার মোমারিজ পুরের মোস্তফা কামালের বাড়িতে শোকের মাতম চলছে। নিহতদের লাশ দেশে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছে নিহতদের পরিবার।

ইত্তেফাক/আরএজে