ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল ভাই-বোনের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৫

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল ভাই-বোনের। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার সীমান্ত বাজার এলাকার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মুকুল (৩০) ও মেয়ে লিপি খাতুন (২৮)। দুর্ঘটনায় তাদের মা ফিরোজা খাতুনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কাজিপুরের সিংড়াবাড়ী এলাকার সিদ্দিক হোসেনের ছেলে-মেয়ে-স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। সীমান্ত বাজার এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত ৪ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মুকুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফিরোজুল ইসলাম ফিরোজ বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্যে কাজিপুর হাসপাতালে একজন ও সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামিমুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনকে এখানে আনা হয়েছিলো। একজনের অবস্থা গুরুতর হওয়ায় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে।

ইত্তেফাক/এবি/পিও