হিন্দি ছবির লাভের অংশ চাওয়া মুনাফিকের কাজ: ডিপজল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২১

বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির বিষয়ে শর্ত দিয়েছিল শিল্পী সমিতি। সেই সময় সাধারণ সম্পদক নিপুণ আক্তারের দাবি ছিল, এদেশে ‘পাঠান’ চালাতে হলে লাভের ১০ শতাংশ শিল্পী সমিতিকে দিতে হবে। নিপুণের সেই দাবি নিয়ে একটু দেরিতে হলেও কথা বললেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বললেন, পাঠানের লাভের অংশ চাওয়া মুনাফিকের কাজ। পারলে নিজেরা কিছু করে দেখান। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? আমাদের নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেলো ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনও সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না।’

মনোয়ার হোসেন ডিপজল

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেছেন, হিন্দি ছবি আমদানি করলে সেটার লাভের ১০ শতাংশ তার সমিতিকে দিতে হবে। এই প্রসঙ্গে ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে এ অভিনেতা-প্রযোজক বলেছেন, ‘আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিলো, তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়।’

উল্লেখ্য, গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আয়োজিত পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলায় পরিচালকদের সঙ্গে প্রযোজক, নায়ক-নায়িকাসহ সিনেমা অঙ্গনের অনেকেই অংশ নিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ