সাড়া দিচ্ছে না সৌদি আরব

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২

তিন জাতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বাংলাদেশ চেয়েছিল জাতীয় দলকে সৌদি আরবে পাঠিয়ে ক্যাম্প করাবে। কিন্তু সৌদি আরব তাতে সাড়া দিচ্ছে না। বাফুফে তাদের আগ্রহের কথা জানিয়েছে। গতকাল পর্যন্ত ভালো কোনো খবর দিতে পারেনি বাফুফে। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে আজকেও (গতকাল) কথা হয়েছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না।

সোহাগের কথায় পরিষ্কার, সৌদি আরবের আশায় তারা বসে থাকছে না। বিকল্প ব্যবস্থা করতে লেগে পড়েছে। কারণ সৌদি আরব কবে জানাবে আর বাংলাদেশ কবে প্রস্তুতি নিবে তারও একটা ব্যাপার রয়েছে এখানে।

তিন জাতি ফুটবল টুর্নামেন্ট হবে সিলেটে। ২০-২৮ মার্চ এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিল। বাংলাদেশ ছাড়াও ব্রুনাই ও সিশেলস খেলবে টুর্নামেন্টে। ফিফার র‍্যাংকিংয়ে ব্রুনাইয়ের অবস্থান ১৯০, সিশেলস ১৯৯ এবং বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে। আমন্ত্রিত দুই দেশের সঙ্গে লড়াই করতে বিদেশে গিয়ে প্রস্তুতি নিতে হবে। এদেশে যখনই কোনো বিদেশি কোচ আসেন তিনি বিদেশে গিয়ে প্রস্তুতি নিতে চান। 

জাতীয় দলের খেলোয়াড়দের মান দেখলে যে কেউ মুখ ফিরিয়ে নেয়। এই মানের ফুটবলারদের বিদেশে ক্যাম্প করিয়ে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাফুফে। মানহীন এসব ফুটবলারদের গড়ে তুলতে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন কতবার বিদেশে পাঠিয়েছেন। ভালো হোটেলে রেখেছেন। উন্নত সুযোগসুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। তার পরও কোনো সুফল পাননি। 

এবার যে কোচ এসেছেন, স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তিনি সিলেটের টুর্নামেন্টে নামার আগে বিদেশি ক্যাম্প করতে চেয়েছেন। বাফুফে সৌদি আরবে কথা বলেছিল। কিন্তু সৌদি আরব এখনো সাড়া দেয়নি। সোহাগ বলছেন, সৌদি আরব এখনো পজিটিভ। তিনি বলেন, ‘গত ১৮ ডিসেম্বর সৌদি আরবের সঙ্গে বাফুফের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী দুই দেশে ফুটবল উন্নয়নে কাজ করবে।’ 

সৌদি আরব ফুটবলে বাংলাদেশের চেয়ে হাজার হাজার মাইল এগিয়ে। তাদের কাছ থেকে বাংলাদেশের নেওয়া ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি অনুশীলন করতে সৌদি আরব যেতে চায় সেটি তারা করে দিতে পারে। সৌদি আরবের আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন অনুশীলন ব্যবস্থাপনা ব্যবহারের জন্য বাংলাদেশকে অনুমতি দিতে পারে। বাংলাদেশ সেটা পাবে, নিশ্চিত হয়েই সৌদির কাছে অনুশীলন ক্যাম্প করার চিঠি দিয়েছিল। এখন সেখান থেকে সরে আসার পথ খুঁজছে। যদি দুই-এক দিনের মধ্যে সৌদি আরব বাংলাদেশের ফুটবল দলকে সেখানে যাওয়ার অনুমতি দেয় তাহলে সবকিছু গুছিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় বাফুফে পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

তবে বাফুফে সৌদির কথা সরাসরি না বললেও কোচ হ্যাভিয়ের কাবরেরাকে সোমবার সিলেটে পাঠিয়ে আবাসিক ক্যাম্প আয়োজনের ভালোমন্দ দিকগুলো দেখবে। কোচ যাবেন, মাঠ দেখবেন, হোটেল দেখবেন। একদিনের ট্যুর করে ফিরবেন ঢাকায়। আর সেই সঙ্গে ঢাকায় আবাসিক ক্যাম্প করার জন্য অনুশীলন মাঠ পেতে বসুন্ধরা কিংসের সঙ্গে কথা বলছে। কিংসের মাঠে অনুশীলন করতে চায়-জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ। সঙ্গে বিকল্প মাঠ পেতে উত্তরায় পুলিশের মাঠের জন্য কথা বলছে বাফুফে। ব্রুনাই এবং সিশেলস বাংলাদেশ আসবে সেটা নিশ্চিত করেছে বাফুফেকে। টুর্নামেন্টের জন্য বাফুফে নেপাল থেকে রেফারি আনার জন্য চিঠি দিয়েছে।

ইত্তেফাক/এসএস