রাশিয়াকে ভাঙতে চায় পশ্চিমা বিশ্ব : পুতিন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভেঙে ফেলতে চায়। এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, ন্যাটো ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

প্রেসিডেন্ট পুতিন রশিয়া-১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর মূল অংশ রাশিয়ান ফেডারেশনেকে ভেঙে ফেলতে চায় পশ্চিমারা। বিভিন্ন ভাগে ভাগ হওয়ার পর তারা হয়তো সেসব দেশের জনগণকে সভ্য হিসেবে স্বীকৃতি দেবে। 

পুতিন বলেন, ন্যাটোর সবগুলো দেশের প্রধান লক্ষ্য এখন রাশিয়াকে পরাজিত করা। তারা আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এই পরিস্থিতিতে তাদের পরমাণু সক্ষমতাকে রাশিয়ার বিবেচনায় আনা উচিত বলে মনে করেন পুতিন। এটাকে উপেক্ষা করা যায় না। সাম্পতিক সময়ে প্রেসিডেন্ট পুতিন পরমাণু অস্ত্র নিয়ে কথা বলছেন। তিনি সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেন। —আলজাজিরা

 

ইত্তেফাক/ইআ