বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে আর্জেন্টিনা। আর সেই সুবাদে বাংলাদেশের ফুটবল সম্পর্কটার মধ্যে সেতুবন্ধ হতে যাচ্ছে। আর্জেন্টিনার সঙ্গে ফুটবলের সম্পর্ক হলে সেটি দেশের ফুটবলের উন্নয়নে কাজ লাগবে। সরকার বিষয়টি ভাবনায় রেখেছে। আর্জেন্টিনার পরাষ্ট্রমন্ত্রী আজ সকালে বাংলাদেশে আসবেন। আগামীকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন-এমন কথা জানিয়েছে বাফুফে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দুই দিনের সফরে ঢাকায় আসবেন।
আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো রিভার প্লেটের কর্মকর্তা আজ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করবেন। রিভার প্লেটের কর্মকর্তারা আজ ঢাকায় আসবেন। এসেই তারা স্থানীয় একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় পাঁচটি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এর মধ্যে রয়েছে বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বেলা ১১টা থেকে ক্লাব কর্মকর্তারা হোটেলে যাবেন। সেখানে পালাক্রমে কথা বলবেন। এই আলোচনায় থাকবেন ভারতে আর্জেন্টিনা দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের প্রধান, রিভার প্লেট ক্লাবের কর্মকর্তারা।
আলোচনায় কী হবে না হবে, তার চেয়েও বড় কথা হচ্ছে, এ দুই দেশের মধ্যে ফুটবল সম্পর্ক হলে বাংলাদেশের ফুটবলের উপকারটাই বেশি হবে। এরই মধ্যে আর্জেন্টিনা বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করা যায় কি না, সেই ভাবনা থেকেই রিভার প্লেটের ফুটবল কর্মকর্তাদের বাংলাদেশে আসা। তারা বাংলাদেশের ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানতে চাইবেন এ দেশের ফুটবল ক্লাবগুলো কীভাবে পরিচালিত হয়। অর্থ সংগ্রহ থেকে শুরু করে পুরো পরিচালনা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। তাদের আলোচনায় উঠে আসবে আর্জেন্টিনার ক্লাব কীভাবে ফুটবলের পাশে থাকবে।
