নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে নিজ বাসভবন ফিরোজা’য় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকাল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন। বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া বাসায় পৌঁছেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দেন।
এর আগে গত বছরের ২২ আগস্ট শেষবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত বছর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। পরে ২০২০ সালের মার্চ মাসে সরকারের নির্বাহী আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল, তিনি দেশ ছেড়ে যাবেন না এবং অবশ্যই দেশে চিকিৎসা নিতে হবে তাকে।
২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’র ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। ওইদিনই হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর গত প্রায় তিন বছরে দফায় দফায় বাড়ে মুক্তির মেয়াদ।
