দুই ভাই খুন: অভিযুক্তদের বাড়িতে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আসলাম সানি (৪৮) ও শফিকুল রনি (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী হত্যাকান্ডে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ছোট ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে তাদের ২টি বসতঘরসহ ১০টি ভাড়া দেওয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে এ সময় কেউ বাড়িতে ছিল না। ঘর তালাবদ্ধ ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী, শফিকুল রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ধ্যার পর থেকে স্বজন ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা তালাবন্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে নিহতের চাচা মহিউদ্দিনের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া পার্শ্ববর্তী গাছপালাও পুড়ে যায়। আগুনে বাড়িঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে। পুলিশ আসার আগেই বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

এলাকাবাসী জানায়, দুটি হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের কড়া নজরধারী থাকা দরকার ছিল। হত্যকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে আসলেও পরবর্তীতে তারা চলে যায়। এমন সুযোগে নিহতদের বিক্ষুদ্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সচেতনার অভাবে বিক্ষুদ্ধরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। 

কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান খাঁন বলেন, ঘটনাস্থল থেকে বাড়ি চলে যাওয়ার পর জানতে পারি রাতে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে বিদ্যুৎ অফিস ও তিতাস গ্যাস অফিসে খবর দিয়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। 

এদিকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, সোনারগাঁয়ে গত রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আসলাম সানি (৪৮) ও শফিকুল রনি (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর হামলাকারীরা বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ঘটনার দিন রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

ইত্তেফাক/পিও