‘শেখ হাসিনার হাতে গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতি ও দেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছেন। দেশরত্ন শেখ হাসিনার সরকারের আগামী ভিশন হলো স্মার্ট বাংলাদেশ গড়া। তাই তারই হাতে গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদরে তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইকবাল হোসেন অপু বলেন, আগামীতে আওয়ামী লীগকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক হোন। এই যে সামনে বসা ছোট ছোট শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আগামীর মন্ত্রী, এমপি, সচিব, শিক্ষক, বিজ্ঞানী। তোমরা (শিক্ষার্থীরা) সবসময় নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বা। 

তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শরীয়তপুর সাজবে ইউরোপের আদলে। এখনই এর প্রতিফলন সাদৃশ্য হওয়া শুরু হয়ে গেছে। শরীয়তপুরে ফোরলেন সড়ক হচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, আইসিটি পার্ক হচ্ছে। এই উন্নত জেলাকে উন্নত করার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তাই করে যাচ্ছেন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাজী শরীফুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ, শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম