গাছ কাটার প্রতিবাদ করায় প্রধান শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

নেত্রকোনার মদন উপজেলার খাগুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী  প্রধান শিক্ষক মদন থানায় অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাগুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে ওই এলাকার জাবেদ আলী এক শতাংশ ভূমি বিদ্যালয়ে দান করেন। সেই সুবাদে তার ছেলে আল্লাদ মিয়া বিদ্যালয়ের দাতা সদস্য হন। গত শনিবার বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় দু’টি গাছ কেটে নেয় আল্লাদ মিয়া।  রোববার শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখতে পায়। এছাড়া গাছ কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয় আল্লাদ মিয়া। এর প্রতিবাদ করায় সোমবার বিকালে আল্লাদ মিয়া ও তার সহযোগীরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মন্তু আহাম্মদকে মারধর করে। এ ঘটনায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান আল্লাদ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 

অভিযুক্ত আল্লাদ মিয়া বলেন, গাছগুলো আমি রোপণ করেছিলাম তাই কেটে নিয়েছি। এ বিষয়ে বিদ্যালয়ে কথা কাটাকাটি হলে মস্তুকে আমার লোকজন ধাক্কা দিয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। 

ভুক্তভোগী মন্তু আহাম্মদ বলেন, আল্লাদ মিয়া বিদ্যালয়ের গাছ কেটে নিয়েছে। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডা করে বিদ্যালয়ে তালা দিবে শুনে এগিয়ে গেলে মারধর করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষককে বলা হয়েছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বিদ্যালয়ের গাছ কাটা ও মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/এবি/পিও