ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩০

ভোলায় আবাসিক হোটেল থেকে ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হোটেল জাহান থেকে এ লাশ  উদ্ধার করা হয়। এসময় নিহতের সঙ্গে থাকা ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ভারতীয় নাগরিকের নাম মনোজ ভাট (৩৫)। তিনি ভারতের রাজস্থান রাজ্যের  মজত রোডের বাসিন্দা।

আটকৃতরা হলো হলো- রায় কিশান, ভুশন রাম, জয়পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমার।

পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি ভারত থেকে মনোজ ভাটের সঙ্গে বাংলাদেশে ৬২ জনের একটি দল  আসে। এদের মধ্যে মনোজ ভাটসহ ৬ জন ভোলা শহরের কে জাহান মার্কেটে অবস্থিত হোটেল জাহানে দু’টি রুম ভাড়া নেন। সোমবার রাতে হোটেলের ২০৬ নম্বর কক্ষে মনোজ ভাটসহ জয় ও ভুশন ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে ওই কক্ষে মনোজ ভাটের লাশ পাওয়া যায়।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, ভারতীয় ৬ নাগরিক ভোলার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের ফেনসি আর্ট শেখাতেন এবং আর্টের বই বিক্রি করতেন। মনোজ ভাটের সঙ্গে থাকা ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি