চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট বন্ধ রাখার সময়কাল আরো এক মাস বাড়ানো হয়েছে। ফলে এই ইনস্টিটিউট আগামী ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ইনস্টিটিউটটি নগরীর বাদশা মিঞা চৌধুরী সড়কসংলগ্ন মেহেদিবাগে অবস্থিত।
চারুকলা সংস্কারসহ ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করেছিলেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যেতে শুরু করেন তারা। গত ২ ফেব্রুয়ারি ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে চবি কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাতে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান উন্নয়ন ও সংস্কারকাজ সুষ্ঠুভাবে শেষ করতে ইনস্টিটিউট বন্ধের সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চবি সিন্ডিকেটের ৫৪২তম সভায় গৃহীত সিদ্ধান্ত-১-এর আলোকে গঠিত কমিটির তত্ত্বাবধানে চবি চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ চলমান রয়েছে। উন্নয়ন ও সংস্কারকাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটির সময় আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৩০ মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যাবতীয় সশরীরে অনুষ্ঠেয় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং এই সময়ে অনলাইন ক্লাস চালু থাকবে। ইনস্টিটিউটের আওতাধীন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকাকালে কোনো শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।
