রাবির ছাত্রী হল থেকে ৩ ঘণ্টা পর ছাত্র উপদেষ্টাকে উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০২৩, ২১:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদারকি করতে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরকে হলে অবরুদ্ধ করে অভিযুক্ত শিক্ষার্থীসহ তার বিভাগের শিক্ষার্থীরা।

তিনঘণ্টা অবরুদ্ধ রাখার পরে তাকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম. হুমায়ুন কবীর।

এর আগে, অবরুদ্ধ ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং সহকারী প্রক্টররা সেখানে আসেন। শিক্ষার্থীদের সাথে সমঝোতা করে ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করতে ব্যর্থ হয় তারা।

এদিকে ছাত্র উপদেষ্টাকে অবমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, আমরা প্রাথমিক কাজগুলো করছি। এখন আমরা বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবো। তদন্ত করে দেখে দোষীদের বিচারের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা করবো আমরা।

উল্লেখ্য, গতকাল অত্র হলের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠনসহ দুই ছাত্রীকে দুই ব্লকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযুক্ত শিক্ষার্থী নুরুন্নাহার দোলন রুম পরিবর্তনে রাজি হয়নি। এছাড়াও সংগীত বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করছে ছাত্র উপদেষ্টা তাদের শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছে। যার ফলে তারা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গমাতা হলের মূল ফটকে অবস্থান নেন এবং ছাত্র উপদেষ্টাকে সেখানে অবরুদ্ধ করেন।

ইত্তেফাক/এআই