কাভার্ডভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত ১

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮:৩১

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আয়ূব মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৪) ও আরোহী কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে রুবেল (২১)। এবং আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া উপজেলার একই গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৪)।  রাকিবকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প্রথম মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কতৃপক্ষ তাকে যশোর সদর হাসপাতালে পাঠায়। 

স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাত সাড়ে এগারটার দিকে তারা যশোর থেকে মোটরসাইকেল যোগে খুলনার ডুমুরিয়ার নরনিয়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের যশোরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও একজন আহত হয়। 

মনিরামপুর হাসপাতালের চিকিৎসক তন্ময় কুণ্ডু বলেন, আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাই। এবং যান চলাচল স্বাভাবিক করি। 

ইত্তেফাক/পিও