চেলসির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করার দ্বারপ্রান্তে রয়েছেন ফরাসি মিডফিল্ডার এন’গোলো কন্তে। ইএসপিএন’র একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আগামী জুনে চেলসির সঙ্গে এই মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু ইতোমধ্যেই চুক্তি নবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে উভয় পক্ষ আরও তিন বছরের নতুন চুক্তি প্রসঙ্গে একমত হয়েছে।
দীর্ঘদিন ধরেই কন্তে চেলসিতে আরও কিছু সময় থাকার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। গত দুই বছর যাবত ইনজুরির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সত্বেও লন্ডনের ক্লাবটিতে তিনি খুশি ছিলেন। চাপে থাকা ম্যানেজার গ্রাহাম পটার ও নতুন মালিক টড বোহলিও চাইছেন কন্তেকে আরও কিছুদিন ক্লাবে ধরে রাখতে। জানুয়ারির শেষ নাগাদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জানুয়ারিতে এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। পুরো মৌসুম জুড়েই এই একটি পজিশন নিয়ে সমস্যায় ছিল ব্লুজরা।
২০১৬ সালে গ্রীষ্মে লিস্টার সিটি থেকে স্ট্যামফোর্ড ব্রীজে পাড়ি জমান কন্তে। ইতোমধ্যেই এই ক্লাবের হয় তিনি প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। আগস্ট থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ৩১ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। এই কারণে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। কিন্তু এখন তিনি চেলসির অনুশীলনে ফিরেছেন। দলে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। সম্প্রতি ফর্মহীনতায় থাকা চেলসির জন্য কন্তের দলে ফেরা বাড়তি অনুপ্রেরণা যোগাতে পারে।
