নওগাঁর পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ দু’জন নিহত হয়েছে। জেলার পত্নীতলা ও আত্রাইয়ে বৃহস্পতিবার (২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের মৃত দীলবরের ছেলে ট্রাকচালক আমির হোসেন (৭০) ও পত্নীতলার আকবরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন (৩০)।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি আত্রাই উপজেলার বান্দায়খাঁড়া বাজারে যাচ্ছিল। বাজারে প্রবশের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাজারের একটি দোকানের সেডে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেলের কয়েকজন আরোহী সামান্য আহত হন। তবে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাক চালক আমির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আমিরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই সময় পত্নীতলা ও দিবরদিঘী সড়ক দিয়ে তুহিন মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বাকরইল রুপপুর গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আরোহী তুহিন রাস্তায় পড়ে গেলে তার শরীরের ওপর দিয়ে ট্রলি উঠে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তুহিনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুর ইসলাম চৌধুরী জানান, তুহিন হোসেন দীর্ঘ দিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে বাড়ি এসে দেড় মাস আগেই দিবরদিঘী এলাকায় বিয়েও করেন।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
