বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড। তাসকিনের পর ইংলিশ শিবিরে আঘাত হেনেছে মিরাজ-তাইজুল। তবে একপাশের উইকেট আগলে রেখেছে ওপেনার জেসন রয়। ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। দু'জন মিলে উদ্বোধনী জুটিতে ২৫ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ।
ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্তকে ক্যাচ দেন ফিল সল্ট। মাটিতে পড়ার আগেই দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৫ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন সল্ট।
সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন আগের ম্যাচের জয়ের নায়ক ডেভিড মালান। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান সংগ্রহ করেন মালান ও রয়। নিজের অর্ধশতক পূরন করেন রয়। দলীয় ৮৩ রানে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী মিরাজ।
ডেভিড মালানকে আউট করেন মিরাজ। ১৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান মালান। মালানের বিদায়ের পর ক্রিজে আসেন জেমস ভিন্স। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৯৬ রানে ভিন্সকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ভিন্স। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক জস বাটলার। বাটলারকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রয়। শেষ পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ৮৪ বলে ৮২ রানে অপরাজিত আছেন জেসন রয়।
