আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়িয়ে অরাজগতা সৃষ্টিসহ ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতাসহ ১৯ জনকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করে পুলিশ।
আটক ফজলে রাব্বী (৩০) পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার সোলায়মান আলীর ছেলে ও পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
পঞ্চগড় থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, শনিবার রাতে ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক মোটরসাইকেল করে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে আহমদিয়ার লোকজন দুজন মুসলমানের গলা কেটে হত্যা করেছে এমন অপপ্রচার ও গুজব ছড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে কয়েকজন যুবক লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা শুরু করে এবং সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগসহ শহরের একটি জুতার দোকানসহ তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলে রাব্বীসহ মোট ১৯ জনকে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
পঞ্চগড়ের আহম্মদনগরে শুক্রবার (৩ মার্চ) থেকে আহমেদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিলের দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র শিবিরসহ বেশ কয়েকটি সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুম্মার নামাজের পরে শহরে বিক্ষোভ মিছিলে, সড়ক অবরোধ কাদিয়ানী আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বাড়িতে আমলা ভাঙচুর লুটপাট যানবাহন ভাঙচুর সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর করে। এতে করে দুজন নিহত হন এবং সাত পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন।
এর আগে পঞ্চগড়ের জেলা শহরের সিনেমা হল সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হাটেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে।
