রাজধানীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬:০০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় আবু তৈয়ব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে মিরপুরের মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ডিএনসিসির একটি ময়লার গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি আমরা।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/আর/এএএম