সাকিব-এবাদতের পর মিরাজের আঘাত

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৮:১১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিবের জোড়া আঘাতে বিপাকে পড়ে ইংল্যান্ড। সাকিবের জোড়া আঘাতের পর কুরান ও ভিন্সের ব্যাটে এগোচ্ছে ইংল্যান্ড। তবে দলীয় ১০৪ বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। 

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে টাইগার বোলারদের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে জেসন রয় ও ফিল সল্ট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয় কিছুটা দেখেশুনে খেললেও মারমুখি ভঙ্গিতে খেলতে থাকেন আরেক ওপেনার ফিল সল্ট।

প্রথম ৫ ওভারে ৩৪ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মেডেন ওভার দেন এবাদত হোসেন। এরপর ইনিংসের নবম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ফিল সল্টকে আউট করেন সাকিব। দলীয় ৫৪ রানে ২৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরে যান সল্ট।

এরপর দশম ওভারে ক্রিজে আসা মালানকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন এবাদত হোসেন। ২ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান ডেভিড মালান। এরপর ইনিংসের ১১ তম ওভারে বোলিংয়ে এসে রয়কে বোল্ড করেন সাকিব। দলীয় ৫৫ রানে ৩৩ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান রয়।

এরপর স্যাম কুরান ও জেমস ভিন্স মিলে দেখেশুনে খেলতে থাকেন। দু'জন মিলে প্রতিরোধ গড়ে তোলেন। কুরান দেখেশুনে খেললেও কিছুটা দ্রুত গতিতে রান তোলেন ভিন্স। তবে দলীয় ১০৪ রানে ইংলিশ শিবিরে আঘাত হানে মেহেদী মিরাজ। ৪৯ বলে ২৩ রান করে আউট হন স্যাম কুরান। 

শেষ খবর পর্যন্ত ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩৭ বলে ৩০ রান করে অপরাজিত আছেন ভিন্স।

ইত্তেফাক/জেডএইচ