ফোডেনের ইনজুরি নিয়ে আতঙ্কে ম্যানসিটি

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২১:০৫

নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর নতুন করে ইনজুরি নিয়ে উদ্বিগ্ন ম্যানচেস্টার সিটি। ঐ ম্যাচের পর নতুন করে ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। একটি পায়ে পুরনো আঘাতের পুনরাবৃত্তি ঘটেছে বলে জানিয়েছেন ফোডেন।  

অবশ্য জানুয়ারিতে ম্যানচেস্টার ডার্বিতে চোটটি পেয়েছিলেন তিনি। এজন্য পরের তিন ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে এই মিডফিল্ডারকে। এরপর একাদশে ফিরতে বিলম্ব ঘটে রিয়াদ মাহারেজ ও জ্যাক গ্রিলিশের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে। গত সপ্তাহে ২২ বছর বয়সি ফোডেন চার গোল করেছেন। ফলে পেপ গার্দিওলার একাদশে অবস্থান সংহত করেছেন বলেই মনে হচ্ছিল। কিন্তু এখন নতুন করে ইনজুরিতে পড়াটা তার জন্য উদ্বেগজনক। 

ম্যানসিটি শনিবারের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জয়লাভের পর ফোডেন বলেন, ‘এই চোটটি আমার আগেই ছিল। তবে তখন এতটা গুরুতর ছিল না। ইউনাইটেডের বিপক্ষে পাওয়া চোটটি আরও বেড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমি আবারো আঘাত পেয়েছি। এখন আমার বিশ্রাম নেওয়া দরকার। এখন আমরা দুই দিনের ছুটি পেয়েছি। আশা করি এতে বিশ্রাম নেয়া সম্ভব হবে।’

ফিল ফোডেন

ফোডেন আরও বলেন, ‘আমরা সারাক্ষণ খেলার মধ্যে থাকি। বিশ্রাম নেয়ার সুযোগ পাই না। মাঝেমধ্যে আপানার পায়েরও বিশ্রামের প্রয়োজন হয়। এটি সেই আঘাতগুলির একটি, যেখানে আসলে ফিজিওর কিছু করার থাকে না। একসময় এটি চলে যায়। এটিকে কিভাবে পরিচালনা করতে হয় তা আপনাকে শিখতে হবে।’ নিউক্যাসলের বিপক্ষে নজরকাড়া পারফর্মেন্স দিয়ে মূল ভূমিকা পালন করেছিলেন ফোডেন। গার্দিওলার দলের হয়ে গোলের খাতা খুলতে মাত্র ১৫ মিনিট সময় নিয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ডো সিলভা। 

আপাতত ঘরোয়া ফুটবলে এক সপ্তাহ বিরতি পাচ্ছে ম্যানচেস্টার সিটি। আগামী শনিবার ক্রিস্ট্যাল প্যালেসের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেলহার্স্ট পার্কে ফিট হয়ে ফের ফিরে আসবেন বলে আশা করছেন এই ইংলিশ আন্তর্জাতিক। এই মৌসুমে সব প্রতিযোগিতায় মোট ১৭ গোল করেছেন ফোডেন। সেই সঙ্গে বর্তমানে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় শীর্ষ গোলদাতার আসনটিও তার দখলে। সতীর্থ রিয়াদ মাহারেজ করেছেন ১৮ গোল এবং গ্রিলিশ করেছেন ৯ গোল। 

ইত্তেফাক/জেডএইচ