গুলিস্থানে বিস্ফোরণ: উদ্ধার অভিযান স্থগিত, সকালে আবার শুরু

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:১০

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে। রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা। 

দিনমনি শর্মা গণমাধ্যমকে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনী আসবে, তারপর উদ্ধার কাজ শুরু হবে। 

ছবি: ফোকাস বাংলা

বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

আজ বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ছবি: ফোকাস বাংলা

এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাততলা ভবনটির অবস্থা বেশ নড়বড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা দিনমনি শর্মা। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনের নিচের অংশের অবস্থা খুব খারাপ। এটা নড়বড়ে হয়ে গেছে। এখন যদি ভূগর্ভস্থ স্থানে আমরা তৎপরতা চালাতে চাই তবে সেটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ভবনের কলামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনটি নাজুক অবস্থায় পড়ে গেছে। এ অবস্থায় উদ্ধার কাজ চালানো সম্ভব নয়।’

ইত্তেফাক/এমএএম