বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ৭ বছরেরও বেশি সময় পর জাতীয় দলে জায়গা করে নিয়েছে ব্যাটার রনি তালুকদার। বয়স ৩০ পেরিয়ে গেলেও পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রনি। শুধু তাই নয়, টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনেও জায়গা করে নিয়েছেন রনি।
বুধবার (৮ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে রনি সম্পর্কে বলেন, ‘আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি।’
হাথুরুসিংহে বাংলাদেশের প্রথম মেয়াদে কোচ থাকাকালীন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল রনির। সেই প্রসঙ্গে টেনে হাথুরু আরও বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, সে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিল। আমি জানি না, এরপর কী হয়েছে। সে ইনজুরি আক্রান্ত হয়েছিল নাকি অন্য ক্রিকেটাররা ওর থেকে ভালো করেছে তা আমি জানি না। আমি এই আসরে ওদের দেখতে মুখিয়ে আছি।’
