ব্রাহ্মণবাড়িয়ায় বক্তাকে জিহ্বা কেটে হত্যাচেষ্টা, আটক ৪

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৯:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তাকে জিহ্বা কেটে হত্যাচেষ্টার অভিযোগে ৪ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৮ মার্চ) র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন (৪৮), হাজী আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), চাওড়া এলাকার আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলা এলাকার মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০) তার বর্তমান ঠিকানা চাওড়া দৌলতবাড়ি।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, ইসলামি বক্তা শরীফুল ইসলাম নূরীকে জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের পাশাপাশি আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। 

উইং কমান্ডার মুমিনুল হক আরও বলেন, দৌলতবাড়ির মাহফিলে শরীফুল ইসলাম নূরীর বক্তব্যের কিছু অংশ গ্রেপ্তারকৃতদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী নূরীর ওপর অতর্কিত হামলা করে ও জিহ্বা কেটে ফেলে। 

এর আগে গত ৫ মার্চ রোববার রাত সোয়া ১২টার দিকে শরীফুল ইসলাম নূরী বিজয়নগরের দৌলতবাড়িতে মাহফিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আজমপুর রেলওয়ে স্টেশনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে ও জিহ্বা কেটে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মো. আব্দুল বাছির ভূঁইয়া বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

ইত্তেফাক/এবি/পিও