‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। অন্যান্য দেশের মত বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছে বাংলাদেশ। আন্তর্জাতিক নারী দিবসে বার্তা দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব লিখেছেন, ‘আসুন উদযাপন করি নারী দিবস এবং নিশ্চিত করি নারীদের সমান এবং বিশেষাধিকার, তার পাশাপাশি পুরুষ হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে, কোন নারী যেন সমান অধিকার ও সুসম্মান থেকে বঞ্চিত না হয়।’ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য বর্তমানে চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে আছেন সাকিব।
সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা। প্রথম দুই ম্যাচ হারলেও, শেষ ওয়ানডেতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। ঐ ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩শ উইকেট পূর্ণ করেন সাকিব। ওয়ানডে সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪১ রান ও বল হাতে ৬ উইকেট নেন সাকিব।
