কিছুদিন আগেও ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সফল লেগস্পিনার। এবার ক্যারিবিয়ানদের কোচিং প্যানেলে যোগ দিলেন সাবেক লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ আন্দ্রে কোলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেবেন সাবেক এই ক্রিকেটার।
সহকারী কোচের দায়িত্ব পাওয়ার আগে অবশ্য উইন্ডিজ টিমের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছে নবদ্রি। সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, 'স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব ছিলো, এবার সেটিরই ধারাবাহিকতা ও আরেকটু বিস্তৃত দায়িত্ব পেলাম। দলের সবার সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি আমি। দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের ভালোভাবে মেলে ধরতে চাই আমরা।'
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যারিবিয়ানদের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন বদ্রি। এসময়ে ৫২ ম্যাচ খেলে ৬.১৭ ইকোনমিতে ৫৬টি উইকেট নিয়েছে এই লেগস্পিনার। এছাড়া ক্যারিয়ারজুড়ে খেলা ১৯৭ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৭টি। ইকোনমি মাত্র ৬.০২।
