কাতারে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার হবে স্বনামধন্য ব্রিটিশ বিশেষজ্ঞ জেমস কালডারের নেতৃত্বে। বুধবার (৮ মার্চ) আসপিটার হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পিএসজির ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার কালডারের স্পোর্টস মেডিসিন ক্লিনিকে সম্পন্ন হবে।
ক্লিনিকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আসপিটারের অ্যাঙ্কেল সার্জন এক্সপার্ট প্রফেসর পিটার ডি’হুগে ও লন্ডনের বিশিষ্ট অ্যাঙ্কেল সার্জেন প্রফেসর জেমস কালডার পুরো অস্ত্রোপচার প্রক্রিয়া পরিচালনা করবেন।’
এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে কালডারের অধীনে আসপিটার হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছিলেন নেইমার।
সাম্প্রতিক এই ইনজুরির কারণে আগামী চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। কার্যত পুরো মৌসুমই তিনি আর মাঠে নামতে পারবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে যেদিনই মাঠে ফিরুক নতুন উদ্যমে ফিরতে চান জানিয়ে নেইমার নিজের এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘আরো শক্তিশালী হয়ে আমি ফিরে আসবো।’
