সুলতান’স ডাইনকে ব্যাখ্যা দিতে ডেকেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:০২

রাজধানীর গুলশানে সুলতান’স ডাইন শাখার কাচ্চিতে মাংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন ভোক্তা, যা পরে ভাইরাল হয়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। আজ সেখানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ মার্চ) সুলতান’স ডাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় অভিযানে সহযোগিতা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও ফারহানা ইসলাম অজন্তা।

আব্দুল জব্বার মণ্ডল ইত্তেফাককে বলেন, ফেসবুকে সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে ভিডিও ও তথ্য ভাইরাল হয়েছে। বিষয়টি অধিদপ্তরের নজরে এলে মহাপরিচালক বিষয়টি নিয়ে বিশেষ অভিযান করার নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পক্ষ থেকে সুলতান’স ডাইনের গুলশান শাখায় তদন্ত করতে এসেছি। আমরা সুলতান’স ডাইনের কর্তৃপক্ষের কাছে তাদের কাচ্চিতে দেওয়া মাংস কোথা থেকে আনা হচ্ছে বা মাংস সংগ্রহের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চাই। কিন্তু তারা বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি। আবার যেগুলোর উত্তর দিয়েছে তাও সব সন্তোষজনক নয়। এজন্য তাদেরকে আগামী সোমবার অধিদপ্তরে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছি। তাদের দেওয়া তথ্য পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যদি কোনো অনিয়ম মেলে তাহলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সুলতান’স ডাইনের গুলশানের ম্যানেজার আশরাফ আলম বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসেছিল। তারা আমাদের আগামী সোমবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে। এছাড়া অনুমোদিত ভেন্ডর থেকে মালামাল নিতে বলেছে ও হাইজিন মেনটেইন করতে বলেছে।

ইত্তেফাক/এনএ/এসকে