তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েই রেকর্ড গড়লেন টাইগার ব্যাটার রনি তালুকদার। অভিষেকের আট বছর পর টি-টোয়েন্টি খেলে ইংল্যান্ডের আদিল রশিদের পুরনো রেকর্ড ভাঙ্গেন রনি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পেয়েই অভিষেকের পর দীর্ঘ বিরতির পর দ্বিতীয় ম্যাচ খেলার নজির গড়েন রনি। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রনির। এরপর ১০৬টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। আর তাই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি। এই রেকর্ড এতদিন ছিল ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের দখলে। টি-টোয়েন্টিতে অভিষেকের পর দলের ৯২ ম্যাচের পর দ্বিতীয়টি খেলেছিলেন রশিদ। ২০০৯ সালে অভিষেকের ছয় বছর পর ২০১৫ সালে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন রশিদ।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন ওপেনার রনি। নাজমুল হোসেন শান্তর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেছেন তিনি। পাওয়ার-প্লেতে মারমুখী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারদর্শিতা দেখিয়েছেন রনি। বৃহস্পতিবার (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন রনি। তবে তা ধরে রাখতে পারেননি তিনি। ১৪ বলে ২১ রান করে স্পিনার আদিল রশিদের বলে বোল্ড হন রনি।
