ম্যাচ হেরে যা বললেন রোনালদো

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৬:২১

সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল-নাসর। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হয় আল-নাসর ও আল- ইত্তিহাদ। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল-ইত্তিহাদ। অন্যদিকে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রোনালদোর দল। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করে ইত্তিহাদ।

ম্যাচ হেরে চমর হতাশা প্রকাশ করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সিআরসেভেন। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে গ্যালারির কাছে যান তিনি। হাততালি দিয়ে সমর্থকদের সান্ত্বনা দেন তারা। সেখান থেকে হেঁটে আসার সময়ই রোনালদোকে ফুঁসতে দেখা যায়। এক সতীর্থ তাকে কী যেনো বোঝাচ্ছিলেন, কিন্তু সেটা পাত্তা না দিয়ে রোনালদো বারবার হাত তুলে এমন ভঙ্গি করছিলেন যে এটা কী হলো!

মাঠ থেকে টানেলে ঢোকার আগে হতাশার চরমে পৌঁছান এই পর্তুগিজ মহাতারকা। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন তিনি। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান তিনি।

রোনালদো কাল পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। দলকে গোল এনে দেওয়ার সুযোগও তিনি পেয়েছিলেন প্রথমার্ধে। কিন্তু তার শট ঠেকিয়ে দেন আল-ইত্তিহাদের গোলকিপার। এর আগেই অবশ্য অফসাইডের শিকার হন তিনি। ফলে এমন হতাশা দেখা দেয় তার মাঝে। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন সাবেক রিয়াল তারকা। তিনি তার পোস্টে বলেন, ‘এই ফলাফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী। আল-নাসর সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।’

সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিলো রোনালদোর আল-নাসর। পর্তুগিজ সুপারস্টার ক্লাবের হয়ে শেষ চার ম্যাচে করেন ৭ গোল। একইসঙ্গে দুইটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।

ইত্তেফাক/আর