এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাই

জয়ের বিকল্প নেই আজ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:১২

এএফসি অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এইচ গ্রুপে বাংলাদেশের আজ শেষ খেলা। গ্রুপেরই শেষ খেলা আজ। বাংলাদেশ এবং ইরান মুখোমুখি হবে, কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৫টায় খেলা শুরু। গ্রুপ চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে উঠবে। বাংলাদেশের সহজ হিসেব হচ্ছে জিততে হবে। জিতলে দ্বিতীয় পর্বে উঠে যাবে। আর ড্র করলে গ্রুপ রানার্সআপ হবে। তবে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ কম। এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। ২৮ দেশ এই পর্বে বাছাই খেলছে। উপমহাদেশ থেকে মাত্র বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান অংশগ্রহণ করছে। বাংলাদেশের গ্রুপে মাত্র তিন দেশ।

দ্বিতীয় পর্বে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে যাবে, সেই সঙ্গে চারটি সেরা রানার্সআপও যাবে। কিন্তু বাংলাদেশের জন্য গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন। ইরানকে হারাতে হলে গোল করতে হবে। গোল গড়ে ইরানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তারা প্রথম খেলায় তুর্কমিনিস্তানকে ৭-১ গোলে হারিয়েছে। আর তুর্কমিনিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ৪-০ গোলে। এখানেই পিছিয়ে রয়েছে বাংলার নারী ফুটবল দল।

ফিফার র‍্যাংকিংয়ে ইরান ৬৮ নম্বরে। বাংলাদেশ ১৪০ নম্বরে। ৭২ ধাপ ব্যবধান। ইরান অনেক শক্তিশালী সেটা বাংলাদেশের শামসুন্নাহাররাও জানেন। কোচ গোলাম রাব্বানী ছোটনও বুঝেন খুব সহজেই পার পাওয়া যাবে না। বাংলাদেশের স্বপ্না রানী, আইরিন আক্তার, ইতি খাতুন, সোহাগী কিসকু, সুরমা জান্নাত, শাহেদা আক্তার রিপা, আকলিমাদের সুবিধা হচ্ছে তারা গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের দুইজন পরিবর্তন করা হয়েছে। বলা যায় সবাই খেলার মধ্যেই ছিল। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজেদের মাঠে খেলা। চেনা পরিবেশে চেনা সমর্থক থাকবেন। কন্ডিশনটা কাজে লাগাতে চায় বাংলাদেশ। আর ইরান সবকিছুর বিপরীতে খেলবে।  কোচ গোলাম রাব্বানী ছোটনের পরিষ্কার কথা ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। 

 

ইত্তেফাক/জেডএইচ