সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাসিকের সাবেক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় উভয় গ্রুপের পক্ষে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে।
দুই মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ উভয় গ্রুপের ১১জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ড সুমিলপাড়া মুনলাইট রেললাইন চৌরাস্তা এলাকায় নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্ত করে আসছিলো ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির গ্রুপের ক্যাডার পানি আক্তারের সহযোগীরা। মঙ্গলবার সন্ধ্যায় পানি আক্তারের সহযোগী শামীম মেয়েদের উত্ত্যক্ত করে। এতে বাধা দেয় ছোট মিজান ও তার লোকজন।
এ খবর পেয়ে পানি আক্তার ও তার ৫০-৬০ জন সহযোগীরা চাপাটি, রানদা, রড, লাটিসোটা নিয়ে মিজান গ্রুপের উপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০/১৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এলাকাবাসী জানান, পানি আক্তার এলাকার ত্রাস। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সে স্থানীয় কাউন্সিলের লোক।
এই ঘটনায় বুধবার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী জসিম উদ্দিন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩৪। অপর দিকে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী শাহ আলম বাদী হয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রুপের ১৬ জনের নামে এবং অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ উভয় গ্রুপের কয়েকজনকে থানায় আসতে বলে। এক গ্রুপের পানি আক্তারসহ ৬জন ও অপর গ্রুপের হান্নান সহ ১১ জন থানায় আসে। প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ তাদেরকে ঘটনা জানার জন্য ডেকে এনে গ্রেফতার করেছে।
গ্রেফতাকৃতরা হলো- বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি গ্রুপের সদস্য আক্তার হোসেন (২৯), মিজান (২৭), রবিন (২০), বিল্লাল হোসেন (২০), নুর হোসেন (২১) ও শামীম (২৯) এবং সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী স্বপন (৪০), ফিরোজ আহমেদ (৩৩), শাহাদাত হোসেন শাকিল (৩১), আব্দুল হান্নান (৩৫), মিজানু রহমান (২৬) কে গ্রেফতার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সুমিলপাড়া, এসও, আইলপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
ইত্তেফাক/আরকেজি
