বেনাপোলে পল্লী টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় চারজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার রাতে স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সৌরভ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪২), একই উপজেলার আব্দুল জব্বারের ছেলে সবুজ মিয়া (২৯), ওই উপজেলার তারিনী গ্রামের আব্দুল করিমের ছেলে আলামীন (৩২) ও মাইক্রোবাসের ড্রাইভার জীবননগর উপজেলার মিজানুর রহমানের ছেলে শীতল মিয়া (২৬)। এ সময় একটি মাইক্রোবাস ও ক্যামেরা জব্দ করা হয়।
আরো পড়ুন : চট্টগ্রামে আগুনে পুড়লো শতাধিক বস্তিঘর
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালে মাসুদ করিম জানান, গোপন সংবাদে জানতে পারি পল্লী টিভির সাংবাদিক পরিচয়ে চারজন লোক বেনাপোলের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৩ জন সাংবাদিক পরিচয়দানকারী এবং একজন গাড়ির ড্রাইভার। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজি করে আসছে এমন অভিযোগ আমাদের কাছে ছিল। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
