কলকাতায় থানা উদ্বোধনের আগে সংঘর্ষ, গুলিতে নিহত ২

আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:২৫

কলকাতার কাছে ভাটপাড়ায় থানা উদ্বোধনের আগে অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল সতেরো বছরের কিশোরসহ দুইজন। আহত চার। এ ঘটনার জন্য তৃণমূলের ‘গুণ্ডা’দের দায়ী করেছে রাজ্য বিজেপি। পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এনডিটিভি।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের প্রধান, প্রধান সচিব ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। ঘটনাস্থলে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে।

নিহত কিশোরের নাম রামবাবু সাউ। সে ফুচকা বিক্রি করত। আহত চারজনের চোট গুরুত্বপূর্ণ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, ভাটপাড়া থানার উদ্বোধন করতে সেখানে আসছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান। তাঁর আসার এক ঘণ্টা আগেই হঠাৎ বোমাবাজি শুরু হয়। বোমা নিক্ষেপ ও গুলি চলার পরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। কোনও কোনও সূত্রের দাবি, পুলিশ গুলিও চালিয়েছে।

সংঘর্ষের খবরে পুলিশের গাড়িবহর আর ওইদিকে না গিয়ে কলকাতায় ফিরে আসে। উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরো পড়ুন: দুদকের মামলায় হাজিরা দিতে এসে লতিফ সিদ্দিকী কারাগারে

ভাটপাড়ায় সংঘর্ষের ঘটনা সম্প্রতি বেশ কয়েকটি ঘটেছে। নির্বাচনের সময় থেকেই থেকে উত্তপ্ত হয়ে উঠেছে এই অঞ্চল। কেবল ভাটপাড়াই নয়, রাজ্যের বিভিন্ন এলাকাতে ভোটের পর সংহিসতা বেড়েছে। 

ইত্তেফাক/টিএস