ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমির কাছে ১২ রানে হেরে যায় ইসলামাবাদ ইউনাইটেড। ওই ম্যাচেই ২০ ওভারের খেলায় নতুন এক রেকর্ড গড়েছেন বাবর।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ১০ চারে ১৬৪ স্ট্রাইক-রেটের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর। ৩৯ বলে ৬৪ রানের করা এ ঝড়ো ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক।
টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। পাকিস্তানি এই ব্যাটার ২৪৫ ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করেছেন। বাবর আজমের আগে দ্রুততর সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। গেইল এই মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ২৪৯ ইনিংস।
এছাড়াও তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৭১ ইনিংসে করেন ৯ হাজার রান। এছাড়াও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। এই মাইলফলক স্পর্শ করতে তাদের খেলতে হয়েছিল যথাক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস।
