ফ্যাশনে অস্কার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩:১৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সম্প্রতি বসেছিল ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেলিব্রিটিরা স্টাইলিশ পোশাকে এদিন ধরা দিয়েছেন। অনুষ্ঠান সমাপ্ত হলেও তারকাদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে এখনো। কে কেমন পোশাক এবং সাজে হাজির হয়েছিল সেটাই জানাচ্ছেন শাহিনুর আলম কলি। 

দীপিকা পাড়ুকোন


এবার অস্কারের মঞ্চে অন্যতম উপস্থাপক ছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম অস্কারের মঞ্চে আসা তার। কালো পোশাকে  অস্কারের মঞ্চে দীপিকার লুকে মুগ্ধ করেছে সবাইকে। দীপিকার পরনে ছিল লুই ভুঁইতোর মখমলের কালো  রঙের অফ শোল্ডার মারমেইড কাটের গাউন আর হাতে কালো ভেলভেট গ্লাভস।

গলায় কার্টিয়ার সংস্থার হীরার নেকলেস এবং হাতে হীরার ব্রেসলেট ও আংটি। মাথায় উঁচু করে বাঁধা, হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনারে বেছে নিয়েছিলেন ক্ল্যাসিক লুক।

লেডি গাগা


লেডি গাগা সেরা মৌলিক গান ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। লেডি গাগা পরেছিলেন কালো রঙের ভার্সেস গাউন। গাউনটির উপরের অংশে হল্টার নেট ব্রা-লেটের উপরে ছিল পাতলা নেটের কভার, আর নিচের অংশটি খানিকটা কালো স্কার্টের মতো। কালো রঙের স্বচ্ছ এবং ভারী কাপড় দিয়ে বানানো হয়েছে পুরো পোশাক। পোশাকের সঙ্গে পঞ্চাশের দশকে নকশা করা টিফানির একটি ভিনটেজ হীরার নেকলেস বেছে নিয়েছিলেন গাগা। চোখে কাজল ও ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক সহ মুখের মেকআপ ছিল নামমাত্র। তার সাজসজ্জা এবং মেকআপ সবার নজর কেড়েছে।

রিহানা


রিহানার ডিজাইনার মেসন আলিয়ার তৈরি কালো লেদারের পোশাকটি বেছে নেন।  চামড়ার স্কার্টটির ওপর অবশ্য স্বচ্ছ কাপড়ের একটি টপ পরেছিলেন। চুল ছিল আঁটসাঁট করে বাঁধা। অস্কারের অনুষ্ঠানে এবার মাতৃত্বকে প্রকাশ করেছেন তিনি। টাইটফিট পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট।

মালালা ইউসুফজাই


রুপালি চুমকির কারুকাজ করা ঝলমলে গাউনে সেজেছিলেন মালালা। মাথায় ওড়নার বদলে ছিল হুড। যা আবার ছিল লম্বা ঝুলের সেই গাউনেরই অংশ। ‘কাউল’ নেকলাইনের জন্য গাউনটি দেখতে হয়েছিল অন্যরকম! ১৯২০-এর দশকের প্ল্যাটিনামের ডায়মন্ড ব্রোলেটের দুল এবং ১৯ শতকের হীরার নেভেট-আকৃতির আংটি ইভেন্টের জন্য বেছে নিয়েছিলেন মালালা। সান্তি জুয়েলসের একটি পান্নাখচিত আংটিও পরেছিলেন তিনি। কানে ঝোলা দুল, হাতে হীরের আংটি ও হিলতলা জুতোর মেলবন্ধনে বেশ নজরে পড়ার মতো হয়েছিল মালালার সাজ।

কেট হাডসন


কেট হাডসন ২০২৩ সালের অস্কারে সিলভার মারমেইড গাউনে লাল গালিচায় হাঁটেন। তার এই পোশাক ব্যাপক প্রশংসা পেয়েছে

মিশেল ইয়ো


৬০ বছর বয়সী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়েই জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

অস্কারে পড়া তার সুন্দর পালকযুক্ত সাদা পোশাকটি হস্তনির্মিত। আইভরি সিল্ক অর্গানজায় পালকের তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত। গাউনটি স্তর থেকে স্তরে একত্রিত করতে ২০০  ঘণ্টারও বেশি সময় লেগেছে। তবে  পোশাকের মধ্যে থাকা  জটিল কারুকাজ করতে লেগেছে ৪৫০ ঘণ্টা। পোশাকটি বানাতে মোট  সময় লেগেছে ৬৫০ ঘণ্টা।

মাথায় বসানো হীরার হেডব্যান্ডটিও সবার নজর কেড়েছে। সাজে ছিল না কোনো বাহুল্য। হাতাকাটা সাদা এ পোশাকটিতে তাকে অসাধারণ লাগছিল।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন