পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে দুর্ঘটনায় ২০ জন নিহতের ঘটনায় সোমবার (২০ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটি।
মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন রয়েছেন। এছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে।
তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সঙ্গে কথা বলেন। এছাড়াও কমিটি দুর্ঘটনাকবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয়কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে কমিটি গঠন করেন জেলা প্রশাসক।
তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।
পুলিশ জানায়, রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পদ্মাসেতুর আগে ঢাকা ও খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটির সামনের একটি চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত অন্তত ২৯ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও শিবচরের বিভিন্ন হাসপাতালে চার জনের মৃত্যু হয়।
