দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে লেগুনা পার্কিং নিয়ে দুইপক্ষের সংঘর্ষে শাহানুর (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও পরে হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহানুর মিয়া রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে।
স্বজনরা আহত অবস্থায় শাহানুরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের ছোট ভাই তামিমও রয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার বাসস্ট্যান্ডে লেগুনা পার্কিং নিয়ে রায়পুর গ্রামের আলী হোসেন ও কান্দিগাঁও গ্রামের রাজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে লাশের ময়না তদন্ত করানো জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, 'এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।'
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার মালামাল জব্দ
উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানের হাটবাজারের কাছে সব সময় নিয়ম বহির্ভূতভাবে রাস্তার মাঝখানে যানবাহন দাড় করিয়ে যাত্রী উঠানামা করানো হয়। অনেক সময় বিপরীত মুখি যানবাহনও একই পদ্ধতি অবলম্বন করে। তখন মারাত্মক ট্রাফিক জ্যাম দেখা দেয়। এতে আধা ঘণ্টার বেশি সময় নষ্ট হয় গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, পাগলাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, নীলপুর বাজারসহ অনেক স্থানে।
ইত্তেফাক/জেডএইচডি
