বৃষ্টি উপেক্ষা করে হাবিপ্রবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান 'গাংচিল ১৯'

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:০৮

প্রতিবারের মতোই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোট এর উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক ‘গাংচিল ১৯'।

২০১৯ সালের ‘গাংচিল ১৮' এর দীর্ঘ ৪ বছর পর ২০ মার্চ, ২০২৩ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে আয়োজন করা হয় ‘গাংচিল ১৯'। থেমে থেমে বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে এর মাঝেই অনুষ্ঠান চালিয়ে যায় আয়োজক সংগঠন এবং দর্শকেরা তা উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: মামুনুর রশিদ, সহকারী প্রক্টর জুয়েল আহমেদ সরকার, অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি মো. জুলকিফল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ঈসা ইবনে মাহমুদ সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজন সফল হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অর্ক সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. ঈসা ইবনে মাহমুদ বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। দর্শক সারির সবাই সুশৃঙ্খলভাবে আমাদের ইভেন্টগুলো উপভোগ করেছে। 

মূল অনুষ্ঠান শুরু করা হয় 'মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ' থিমের উপর। এরপর দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞ্যাপনে জাতীয় সংগীতের অর্কেস্ট্রা ভার্সন বাজানো হয়। একে একে গান ,নাচ ,নাটক, আবৃতি সহ মোট ১৯ টি ইভেন্ট মঞ্চস্থ করা হয়। এসময় বৃষ্টিতে ভিজেই সব ইভেন্ট উপভোগ করেন দর্শকেরা। শেখ রাসেল হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মতো।

অনুষ্ঠানের সহযোগী হিসেবে স্পন্সর করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত অনলাইন ই-কমার্স গ্রুপ, স্টুডেন্ট ই-কমার্স প্লাটফরম (এস.ই.পি.) এবং যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ইত্তেফাক/ইআ