আগামী ২২ মার্চ মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:০৩

আগামী ২২ মার্চ মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সোমবার (২০ মার্চ) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ঝোটন চন্দ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) হোসনে আরা তান্নি, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবক মন্ডলসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাদারীপুর জেলার মোট ১০৭০টি গৃহ নির্মাণ করা হয়েছে। শুরুতে মাদারীপুর সদর উপজেলাকে গত ১৫ জুন ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে অবশিষ্ট শিবচর, কালকিনি, ডাসার,রাজৈর উপজেলাকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা 
করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি আরো বলেন, ইতোমধ্যে উপকারভোগীরা তাদের নিজ নিজ গৃহের আঙ্গিনায় বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদন ও গবাদী পশু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। এই সকল পরিবারের মাঝে দিন বদলের যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ইত্তেফাক/ইআ