কবে শুরু হবে রমজান মাস তা জানতে আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বৈঠকের সভাপতিত্ব করবেন। সভায় ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
এদিকে সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের শেষ দিন হবে এবং পরদিন বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। খালজি টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ১.৯ বিলিয়নেরও বেশি মুসলিম পবিত্র এই মাসটি উদযাপন করবে। রমজানে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকবে।
