জুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্তের দিনই নতুন কোচ হিসেবে চেলসি ও পিএসজির সাবেক কোচ টমাস টুখেলকে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৩৫ বছর বয়সী নাগলসম্যানের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
কিন্তু এবারের মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগায় নিজেদের স্বাভাবিক আধিপত্য ধরে রাখতে পারেনি বায়ার্ন। সে কারণেই নাগলসম্যানের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল বায়ার্নের। চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৪৯ বছর বয়সী টুখেলের ওপর এখন আস্থা রাখতে চাচ্ছে বাভারিয়ান্সরা।
বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে বলেছেন, ‘টমাস টুখেলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত টুখেলের সঙ্গে ক্লাবের চুক্তি হয়েছে। সোমবার তার অধীনে প্রথমবারের মত অনুশীলনে নামবে বায়ার্ন।
বায়ার্ন চেয়ারম্যান অলিভার কান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ও বায়ার্নের পক্ষ থেকে আমি জুলিয়ান ও তার কোচিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
মাত্র দুই বছর আগে নাগলসম্যানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল বায়ার্ন। কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার পথে হোঁচট খাবার পরপরই বায়ার্ন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এই মুহূর্তে টুখেলের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের পরে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন।
