পুরস্কার হাতে নিয়েই সিদ্ধার্থের মুখে কিয়ারার নাম

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৩:১৯

মাত্র দুই মাস হলো সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিন্তু বিয়ের দুই মাস পর লাল গালিচায় একা হাঁটতে হলেও স্ত্রী কিয়ারার প্রতি ভালোবাসার প্রকাশ করতে পিছিয়ে থাকেননি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত নায়ক সিদ্ধার্থ। এদিকে অনুষ্ঠানে সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধার্থের পাশেই ছিলেন কিয়ারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, স্টাইল আইকন বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিদ্ধার্থ। আর এজন্য লাল গালিচায় হাঁটতে হয় তাকে। মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়েই স্ত্রী কিয়ারাকে পুরস্কারটি উৎসর্গ করেন এই অভিনে‌তা।

এসময় সিদ্ধার্থ বলেন, ‘বিয়ের পরে এটা আমার দ্বিতীয় অ্যাওয়ার্ড। প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেরা অভিনেতা হিসেবে। এটা সেরা স্টাইল আইকনের। আমার মনে হয়, আমরা স্ত্রী খুশি হবে।’ 

অনুষ্ঠানে সঙ্গে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধার্থের পাশেই ছিলেন কিয়ারা। জানা যায়, ‘আরআরআর’ খ্যাত রাম চরণের সঙ্গে ‘আরসি১৫’ সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। ওই সিনেমার শুটিং চলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে সিদ্ধার্থের পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত কিয়ারা।

মঞ্চে সিদ্ধার্থের বক্তব্য রাখার একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কিয়ারা। সেখানে তিনি লিখেন, ‘আমার মনের সবটা জুড়ে রয়েছে ও!’

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামীতে সিদ্ধার্থকে রোহিত শেঠির প্রজেক্টে শিল্পা শেঠি এবং বিবেক ওবেরয়ের সঙ্গে ওয়েব সিরিজ, ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এ অভিনয় করতে দেখা যাবে।
 

ইত্তেফাক/পিএস/আর