শ্রীলঙ্কার ক্রিকেটে আরেকটি দুঃসংবাদ

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:০৬

‘মরার ওপর খাঁড়ার ঘা’ যাকে বলে আর কী! শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটিই তো হচ্ছে। এমনিতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন সুতোয় ঝুলছে। এর ওপর আবার এসেছে নতুন দুঃসংবাদ। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে। আর এখন পয়েন্ট কাটা গেছে তাদের। শাস্তিটা প্রথম ওয়ানডের স্লো ওভার রেটের কারণে। সঙ্গে আর্থিক জরিমানাও হয়েছে লঙ্কান ক্রিকেটারদের।

এ বছরই ওয়ানডে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে সরাসরি খেলতে হলে পয়েন্ট টেবিলের সেরা আটে থাকা প্রয়োজন। সেই লক্ষ্য পূরণ করতে হলে নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডের সবক’টি জিততে হতো শ্রীলঙ্কার। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা লাগে। সেটা আরও জোরে লেগেছে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায়। এশিয়ার দেশটিকে দুর্ভাগ্য এতটাই আষ্টেপিষ্টে ধরেছে যে, সেই পয়েন্টেই আবার টান পড়লো!

কীভাবে? প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে শ্রীলঙ্কা। কিউইদের কাছে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারের ওই ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে লঙ্কানরা। নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে থাকায় আইসিসি সুপার লিগ থেকে ১ পয়েন্ট কাটা গেছে তাদের। একই সঙ্গে সব খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সুপার লিগের নিয়ম হলো, নির্ধারিত সময়ে যত ওভার কম বোলিং থাকবে, ওই পরিমাণ পয়েন্ট কাটা যাবে সংশ্লিষ্ট দলের।

অর্থাৎ, ক্রাইস্টচার্চ ম্যাচের পর শ্রীলঙ্কার পয়েন্ট ৮২ থাকলেও এখন সেটি নেমে গেছে ৮১-তে। ম্যাচ রেফারি জেফ ক্র’য়ের কাছে অধিনায়ক দাসুন শানাকা দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সুপার লিগের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। এরই মধ্যে সাত দল নিশ্চিত হয়ে গেছে। চলছে অষ্টম স্থানের লড়াই। বর্তমানে ৮১ পয়েন্ট নিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে দক্ষিণ আফ্রিকা। পরের অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

এই দলগুলোর একটি সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। আর যারা পিছিয়ে থাকবে, তাদের বিশ্বকাপ নির্ধারণ হবে বাছাই পর্বে। এখন দেখা যাক, কোন দল সরাসরি সুযোগ পায় ভারতের বিশ্বকাপে!

 

ইত্তেফাক/ইআ