সিপিবির নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:০২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ‘ভিশন-মুক্তিযুদ্ধ ৭১’-এর আলোকে ‘ব্যবস্থা বদলের’ লক্ষ্যে ৩০ দফা কর্মসূচি বাস্তবায়নের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৭৭ টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে।

পার্টি অফিসে শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

’৭১কে তারুণ্যের এবং নবজীবনের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘তারুণ্যকে সঙ্গে নিয়ে আমরা ’৭১-এর চেতনাকে পুনরুদ্ধার করব। ভিশন-মুক্তিযুদ্ধ ৭১ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ’৭২-এর সংবিধানের মূলভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করব। অর্থনীতির ব্যবস্থা মুক্তিযুদ্ধের সমাজতন্ত্র-অভিমুখীন ধারায় ফিরিয়ে আনবো।’

সেলিম বলেন,‘বটম-আপ’ ধারায় পরিকল্পনা ও বাস্তবায়নের পথ অনুসরণ করে গ্রাম অভিমুখীন গরিববান্ধব কার্যক্রম পরিচালনা করব, লুটের টাকা উদ্ধার করে পুনর্বণ্টন করব। বেকারত্বের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করব।

নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য উপস্থাপন করেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

উপস্থিত ছিলেন সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাবলু প্রমুখ। বাসস

ইত্তেফাক/কেকে