ঈদকে সামনে রেখে সক্রিয় হচ্ছে জালনোট তৈরি ও বিপণন চক্র 

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৪:০২

গাজীপুরে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম ওরফে সবুজ, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুর আলীর ছেলে  ছামিউল ইসলাম, একই এলাকার দোলপকুঠি গ্রামের আজিমুদ্দিনের ছেলে ছালেক ও সুনামগঞ্জ জেলার বিশ্বরপুর থানার গনগাঁও জিনারপুর বাজার এলাকার রমজান আলীর ছেলে খোরশেদ আলম ওরফে গিট্টু।

উপ-কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর দক্ষিণ সালনা এলাকায় সদর থানার পুলিশ অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে মাজহারুল ইসলাম সবুজের হাতে থাকা শপিং ব্যাগ থেকে মোট ১ লাখ ৭০ হাজার ভারতীয় জালরুপি, বাংলাদেশি টাকার মোট ২ লাখ ২০ হাজার জাল টাকা এবং অপর আসামি ছামিউল ইসলামের লুঙ্গির পেছনের অংশে গোঁজা অবস্থায় দুটি বান্ডিলে মোট জাল ১ লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, এই জাল টাকা ও রুপি প্রধানত ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জনৈক আলাউদ্দিন তৈরি করে এবং তার সহযোগী খোরশেদ আলম গিট্টু বিভিন্নভাবে ক্রেতাদের কাছে সরবরাহ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম নগরীর বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গিট্টুর সঙ্গে সালেক নামে আরেক জনকে আটক করা হয়।

 

ইত্তেফাক/ইআ