ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের কূপের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজ্যের ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে রামনবমী উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ে একটি কূপের ছাদ ধসে পড়ে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি শুক্রবার (৩১ মার্চ) সকালে সংবাদ সংস্থা এএনআইকে জানান, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চলছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া উদ্ধার অভিযান ১৮ ঘণ্টা পেরিয়ে গেছে এবং এখনও চলছে। ইন্দোরের প্রাচীনতম আবাসিক অঞ্চলগুলোর মধ্যে স্নেহনগরের এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। রামনবমীতে কূপের কংক্রিটের স্ল্যাবে হোমাগনির আয়োজন করা হয়েছিল।
স্ল্যাবটি মন্দিরের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু স্ল্যাবটি ৩০-৪০ জনের ওজন বহন করার উপযোগী না হওয়ায় পূজা দিতে আসা লোকজন তা ভেঙে ৪০ ফুট গভীর কূপে পড়ে ডুবে যায়।
প্রায় চার দশক আগে কূপটি কংক্রিটের স্ল্যাব দিয়ে আচ্ছাদিত হওয়ার পরে, পাশেই বেলেশ্বর মহাদেব মন্দির নির্মিত হয়েছিল। মধ্যপ্রদেশ সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
