সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার যোগিরগাও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউপি সদস্য ও জালালপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে সাব্বির আহমেদ (৪৪), সদর উপজেলার রঙ্গারচড় ইউপি সদস্য ও হরিনাপাটি গ্রামের নাইওর মিয়ার ছেলে শওকত আলী (৪২), রঙ্গারচড় গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে তারা মিয়া (৩৫), যোগিরগাও গ্রামের মৃত শামছুদ্দিন উদ্দিনের স্ত্রী সিতারা বেগম (৫০), তার ছেলে ইমন আহমেদ (২১), কালাই মিয়ার ছেলে মইনুল আলী (৩২), মৃত আলকাছ আলীর ছেলে দিলাল মিয়া (৪০), মৃত ওমর আলীর ছেলে গৌছ আলী (৫৮),জালালপুর গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে আব্দুল করিম (৩২) এবং আমবাড়ীবাজার এলাকার মৃত সাহেব আলীর ছেলে জীবন মিয়া (২২)।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে উপজেলার যোগিরগাও গ্রামে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই ইউপি সদস্যসহ ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার যোগিরগাওয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়ারি আটক করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
